স্মরণীয় সূচনা কঙ্গোর, উদ্বোধনী ম্যাচেই বড়সড় ধাক্কা খেয়েছে পর্তুগাল

ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ জুন) : রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মঞ্চে পা রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, তবে শুরুটা স্মরণীয় করতে পারলেন না এই পর্তুগিজ মহাতারকা। গ্রুপ ‘কে’-এর উদ্বোধনী ম্যাচেই বড়সড় ধাক্কা খেয়েছে পর্তুগাল। নবাগত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) কাছে পয়েন্ট হারিয়ে আসর শুরু করতে হয়েছে তাদের। শক্তির বিচারে ঢের এগিয়ে থাকা জায়ান্ট পর্তুগিজদের ১-১ গোল ব্যবধানে রুখে দিয়ে ইতিহাস গড়েছে মধ্য আফ্রিকার এই দেশটি।

ম্যাচের প্রথমার্ধে হুয়াও নেভেসের গোলে পর্তুগাল লিড নিলেও তা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি কঙ্গোর ইয়োনে উইসা। তার দুর্দান্ত ফিনিশিংয়ে প্রথমার্ধেই সমতায় ফেরে কঙ্গো। এর আগে ১৯৭৪ সালে ‘জায়রে’ নামে বিশ্বমঞ্চে অংশ নিয়েছিল দেশটি। দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে পর্তুগালের মতো পরাশক্তিকে আটকে দিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিল তারা।

তারকাবহুল দল নিয়ে এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেবারিট ভাবা হচ্ছে পর্তুগালকে। তবে নিজেদের প্রথম ম্যাচেই এমন ছন্নছাড়া পারফরম্যান্সে সমর্থকদের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হলেন রোনালদো-নেভেসরা।

৪১ বছর বয়সী রোনাল্ডো পুরো ম্যাচেই প্রায় নিষ্প্রভ ছিলেন। আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে তার চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি যে কারিশমা দেখিয়েছেন তার ধারে কাছেও ছিলেন না সিআর সেভেন।

ইবোলা মহামারীর কারণে বিশ্বকাপ প্রস্তুতিতে বাধাগ্রস্থ হওয়া কঙ্গোই শেষ হাসি হেসেছে। প্রথম ম্যাচে পর্তুগালের মত শক্তিশালী দলকে রুখে দিয়ে ম্যাচ শেষে তাই তাদের উচ্ছ্বাসটা ছিল একটু বেশি।

ম্যাচের শুরুটা দারুণ করেছিল পর্তুগাল। ৬ মিনিটে পেড্রো নেটোর নিখুঁত ক্রস থেকে নেভেসের হেড আটকানোর সাধ্য ছিল না কঙ্গোর গোলরক্ষক এমপাসি-এনজাওর। ম্যাচের আধিপত্য নিজেদের করে নিলেও মিডফিল্ড থেকে সহসাই কোন আক্রমণে যেতে পারছিল না পর্তুগাল। উল্টো প্রথমার্ধের ইনজুরি টাইমে দারুণ এক আক্রমণ থেকে গোল করে বসে কঙ্গো। ডান দিক থেকে আর্থার মাসুয়াকুর ক্রস থেকে ফাঁকায় দাঁড়ানো উইসার হেড আটকাতে পারেননি দিয়েগো কস্তা। বিশ্বকাপে কঙ্গোর হয়ে প্রথম গোল দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন নিউক্যাসলের এই ফরোয়ার্ড।

সাবেক পর্তুগীজ তারকা ডিফেন্ডার পেপে ভিআইপি স্ট্যান্ডে বসে ম্যাচটি উপভোগ করেছেন।

ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে সদ্য যোগ দেয়া বার্নার্ন্ডো সিলভা মূল দলে খেলেছেন। কিন্তু বিরতির পর তাকে বদলী বেঞ্চে উঠিয়ে নেন কোচ রবার্তো মার্টিনেজ। হুয়াও ক্যান্সেলো ওভারহেড কিক জালে জড়ালেও অফাইডের কারণে তা বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে কঙ্গো সমান তালে লড়াই করে নিজেদের প্রতিরোধ করেছে। ফ্রান্সিসকো কনসেইকাওর পাস থেকে রোনাল্ডো পুরো ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করেন। তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ