নরসিংদীতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলিবিদ্ধ তরুণের মৃত্যু, আহত ১০

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৬ জুন) : নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের গুলিতে অনিক (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৬ জুন) ভোরে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁ এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটে। এই রক্তক্ষয়ী সংঘাতের ঘটনায় উভয় পক্ষের অন্তত আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত অনিক দড়িগাঁ এলাকার সাবেক ইউপি সদস্য ওসমান মিয়ার ছেলে এবং স্থানীয় নাজিম উদ্দিন গ্রুপের সমর্থক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বজায় রাখা নিয়ে নাজিম উদ্দিন ও আলাল মুন্সি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে চরম উত্তেজনা চলছিল। এরই জেরে মঙ্গলবার ভোররাতে দু’পক্ষের সমর্থকেরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় বেশ কয়েকজন যুবক ও কিশোরকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরে প্রকাশ্যেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মহড়া দিতে দেখা যায়। মুহুর্মুহু গোলাগুলিতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অনিক, রাজু, সুমন, কাশেম ও মোবারকসহ কমপক্ষে ১০ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় অনিক, রাজু ও মোবারককে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত তাদের ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনিকের মৃত্যু হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিনের কোন্দলের জের ধরেই এই সশস্ত্র সংঘাতের সূত্রপাত। খবর পাওয়ার পরপরই পুলিশ, র‍্যাব ও উপজেলা প্রশাসনের যৌথ টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশি তদন্ত শুরু হয়েছে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ