আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ: ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (২ মে) : মাগুরার শ্রীপুর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৪০-৫০টি বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১ মে) রাত ৯টা থেকে ভোর ৩টা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টাব্যাপী উপজেলার ৭ নং সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সব্দালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিপটোন মিয়া এবং শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার রাতে আমতৈল গ্রামের জিহাদ মোড়ে লিপটোন মিয়ার সমর্থকদের ওপর হামলার অভিযোগ ওঠে।
অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ হামলা চালায় এবং পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান।
সংঘর্ষে আমতৈল গ্রামের শাহিন মোল্লা, আনোয়ার মোল্লা, পিকুল শেখ, রিপন শেখ, আকিদুল শেখ, গোলাম তহুর মোল্লাসহ আরও অনেকের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া গরু, ছাগলসহ গবাদিপশু লুটের অভিযোগও উঠেছে।
ভুক্তভোগী যমুনা খাতুন অভিযোগ করে বলেন, হামলাকারীরা তার ঘরে ঢুকে ভয়ভীতি দেখায় এবং তার স্বামীর খোঁজ জানতে চায়। তিনি আরও জানান, তার স্বামী ও দেবর বাড়িতে না থাকায় তাদের অনুপস্থিতিতে বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
আরেক ভুক্তভোগী সালমা বেগম জানান, হামলাকারীরা তার ঘরের মালামাল ভাঙচুর করে এবং শিশুর সঞ্চিত টাকাও নিয়ে যায়।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মনোয়ারুল হক/
