আপনারা জেন জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হবেন না: আন্দালিব রহমান পার্থ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৩১ মার্চ) : গণ-অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে হলে তরুণ প্রজন্মকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক বলয়ে সীমাবদ্ধ হওয়া চলবে না বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিধি-৬২তে আনা প্রস্তাবের ওপর আলোচনার সময় তিনি এসব কথা বলেন।
তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা জেন জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না।’ এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘ব্যাপার তো অনেক কমপ্লেক্স, একটা ইউনিক সিচুয়েশন। আমি আমার সম্মানিত বিরোধী দলের নেতাদের চোখে আবেগ দেখি, কথায় দেখি; তবে প্রথম থেকেই আমাদের জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পাঁয়তারা দেখতে পাচ্ছি।’
এ সময় সংসদে হট্টগোল শুরু হলে তিনি বলেন, ‘আমাকে কথা বলতে হবে, প্লিজ। আমার আওয়ামী লীগ সরকারের কথা মনে পড়ে যায়। আমরা যদি কোনো কথা বলতাম, বলত যুদ্ধাপরাধের বিচার চায় না। আমরা বলতাম তেলের দাম কত, বলত যুদ্ধাপরাধের বিচার চায় না। আমি অনেকখানি ওই অ্যাটিচিউডটা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা, উই হ্যাভ নো প্রবলেম উইথ জুলাই। আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে।’
পার্থ বলেন, ‘আপনারা সেই সময় রেভল্যুশনারি গভর্মেন্ট কেন করেননি? কেন নরমাল গভর্মেন্টে গেলেন? ট্রানজিশনাল রেভলুশনারি গভর্মেন্ট করতেন, রিট দ্য কনস্টিটিউশন, ছিঁড়ে ফেলে দিতেন। পুরোনো কনস্টিটিউশনে থেকে আপনারা সংবিধানকেই বাতিল করে দিতে যাচ্ছেন, এটা আসলে হয় না।’
সংসদ সদস্য পার্থ বলেন, ‘এখানে যারা বসা, প্রধানমন্ত্রী কত বছর জেল খেটেছেন? এলজিআরডিমন্ত্রী কয়বার জেল খেটেছেন? আমির সাহেব, সালাহউদ্দিন সাহেব বা আমি–আমরা সবাই জুলাইযোদ্ধা। কিন্তু যখনই ফ্লোর আপনাদের হাতে চলে যায় আপনারা আমাদের অ্যাটাক করেন। যেন জুলাইতে আমাদের কোনো কন্ট্রিবিউশনই নেই।’
তিনি জামায়াতে ইসলামীর নামোল্লেখ না করে তাদের ভূমিকার সমালোচনা করে বলেন, ‘আপনাদের যখন ব্যান্ড করা হয়েছিল আপনারা তো কোনো কথা বলেননি।’
পার্থ বলেন, ‘আপনারা গণভোটে চারটা কথা বলেছেন। একটা ভোটারের কাছে যদি আমি জিজ্ঞেস করি আমি একটাতে ভোট দিতে চাই না আমি কী করব? না-তে ভোট দেব? সেই জবাব নেই। আপনি আমাকে বাধ্য করেছেন। এই আদেশে মাত্র চারটা বিষয়ে গণভোট করেছেন, বাকি প্রোভিশনগুলো কোথায়? তার মানে আপনারা সবই জানতেন।’
তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘এই রেভল্যুশনকে আমরা শ্রদ্ধা করি। ১৭ বছর আমরা কষ্ট করেছি। সংবিধান কেন ছিঁড়ে ফেলে দেব? আমি পরিবর্তন করতে পারি, কিন্তু এটাকে ছুড়ে ফেলার দরকার কী? আপনারা জেন জিকে রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়ে যাইয়েন না।’
সংসদ সদস্য পার্থ বলেন, ‘আবু সাঈদ যখন শহিদ হয়েছেন, সেদিন চট্টগ্রামের ওয়াসিম আকরামও শহিদ হয়েছেন। কন্ট্রিবিউশন কারও কম না। আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন, শরিয়াহ আইন চাই না। আপনারা তো ভোটের জন্য এসব করেছেন। সংবিধানটাকেও আমরা রেসপেক্ট করি, জুলাই সনদকেও আমরা রেসপেক্ট করি। যদি জুলাই সনদের বিরুদ্ধে কেউ অবস্থান নেয়, আমি আন্দালিব রহমান পার্থ তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলব। সিস্টেম ডিক্টেট করবেন না।’
মনোয়ারুল হক/
