সংকট মোকাবিলায় রামেকে পাঠানো হচ্ছে ৪ ভেন্টিলেটর : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৯ মার্চ) : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটর সংকট মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চারটি ভেন্টিলেটর মেশিন সরবরাহের জন্য স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী আগামীকাল সকালে রামেক হাসপাতালে যাবেন। পাশাপাশি আরও ১২টি ভেন্টিলেটর পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলেও জানান তিনি।
আজ রবিবার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে রূপগঞ্জে অনুষ্ঠিত ‘১৭তম এশিয়া ফার্মা এক্সপো’-তে অংশ নিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, হাসপাতালে সংকট নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও করা হচ্ছে।
এদিকে, দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টিকাদান কর্মসূচির কথা ভাবা হচ্ছে। যেসব শিশু এখনো হামের টিকা পায়নি, তাদের আওতায় আনতে সরকার ৬০৪ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে। টিকা সংগ্রহ সম্পন্ন হলে সারাদেশে বিশেষ ক্যাম্পেইন চালানোর কথাও ভাবছে সরকার।
রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে ১১ দিনে ভেন্টিলেশনের অভাবে ৩৩ শিশুর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী।
মনোয়ারুল হক/
