রাফীর ‘প্রেশার কুকার’

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ মার্চ) : বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও সফল নির্মাতা রায়হান রাফী। প্রতি ঈদেই তার নতুন কিছু মানেই প্রেক্ষাগৃহে দর্শকের বাড়তি আগ্রহ। এবারের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হয়নি। ঈদে মুক্তি পেয়েছে রাফীর নতুন সিনেমা ‘প্রেশার কুকার’। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় এবং ইতিবাচক প্রতিক্রিয়া নির্মাতাকে আবেগপ্রবণ করে তুলেছে।

দর্শকদের এমন অভাবনীয় সাড়া দেখে নির্মাতা স্পষ্টভাবেই জানালেন, ‘প্রেশার কুকার বানিয়ে আমি সত্যিই সার্থক।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেক্ষাগৃহের একটি ভিডিও শেয়ার করেছেন রায়হান রাফী। সেখানে দেখা যাচ্ছে, সিনেমা দেখে বের হওয়া দর্শকরা উচ্ছ্বাসের সঙ্গে তাদের ভালো লাগার কথা জানাচ্ছেন।

ভিডিওটির ক্যাপশনে নিজের তৃপ্তির কথা জানিয়ে রাফী লিখেছেন, ‘দর্শক যখন বলে এটা আপনার সেরা সিনেমা তখনই মনে হয়, প্রেশার কুকার বানিয়ে আমি সত্যিই সার্থক।’

নিজের আগের ব্লকবাস্টার সিনেমা ‘পরাণ’-এর কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘আমার পরাণ ছবিটাও ধিরে ধিরে মানুষের মন জয় করে নিয়েছিলো এবারো এটা হচ্ছে, ধন্যবাদ দর্শক।’ ক্যাপশনের শেষে জুড়ে দিয়েছেন একরাশ ভালোবাসার ইমোজি।

চারজন নারীর ব্যক্তিগত ও সামাজিক বাস্তবতার চিত্র ফুটে উঠেছে এই সিনেমায়। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে আসা এই চার নারীর জীবন কীভাবে এক বিন্দুতে মিলিত হয়, তাই দেখা গেছে ‘প্রেশার কুকার’-এ।

সিনেমাপ্রেমীরা মনে করছেন, নারীকেন্দ্রিক গল্পের এই জয়জয়কার বাংলা সিনেমার জন্য এক ইতিবাচক সংকেত। বুবলী-তুষিদের শক্তিশালী অভিনয় আর রাফীর নির্মাণশৈলী সব মিলিয়ে ‘প্রেশার কুকার’ এই ঈদের অন্যতম সফল সিনেমা হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ