দূতাবাসগুলোকে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করলেন পররাষ্ট্র সচিব
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৮ ডিসেম্বর) : বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসগুলোর নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেন তিনি।
দূতাবাসগুলোকে তাদের নিরাপত্তার ব্যাপারেও আশ্বস্ত করে তিনি বলেন, সশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক ও সচেষ্ট রয়েছে।
এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের অবহিত করেন পররাষ্ট্র সচিব।
ব্রিফিংয়ে আসাদ আলম সিয়াম জানান, নির্বাচন কমিশন বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদেরকে স্বাগত জানাবে এবং তাদের নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য আমন্ত্রণ জানানো হবে বলে কূটনীতিকদের অবহিত করা হয়।
ব্রিফিংয়ে বিভিন্ন দূতাবাসের প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
