রাজধানীর পূজামণ্ডপে থাকবে সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৬ অক্টোবর): শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপে সার্বক্ষণিক সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারির ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার করতে নিয়মিত ডিউটির বাইরে অতিরিক্ত ২ হাজার ১০০ পুলিশ সদস্য মাঠে কাজ করবেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে সংবাদমাধ্যমকে এসব কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব রাজধানীতে প্রতিবছরই অত্যন্ত আনন্দ ও সম্প্রীতির আবহে উদযাপিত হয়। উৎসবটি সম্পূর্ণ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। চলতি বছর রাজধানীতে মোট ২৫৭টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, দর্শনার্থীদের উপস্থিতি, মণ্ডপের গুরুত্ব ও সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে এগুলোকে চারটি আলাদা শ্রেণিতে ভাগ করা হয়েছে। এসব স্থানে দিন-রাত ২৪ ঘণ্টাই পুলিশের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, মণ্ডপ ও এর আশেপাশের এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি চালাতে সিসি ক্যামেরা ও বডিওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। নিরাপত্তা আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ সব প্রবেশপথে আর্চওয়ে বসানো হয়েছে।

মোসলেহ্ উদ্দিন আহমদ আরও জানান, ২৫৭টি মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত পুলিশ বাহিনীর বাইরে বিভিন্ন স্তরের মোট ২ হাজার ১০০ অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য ডিএমপির বিভিন্ন ইউনিটের সদস্যদের মধ্যে সুনির্দিষ্ট সমন্বয় করা হয়েছে।

নিরাপত্তার সামগ্রিক প্রস্তুতি প্রসঙ্গে ডিএমপি প্রধান বলেন, মণ্ডপ এলাকা ঘিরে নিয়মিত টহল দল সক্রিয় রয়েছে। যেকোনো সন্দেহভাজন ব্যক্তি বা বস্তু নজরদারিতে বিশেষ সতর্কতা বজায় রাখা হচ্ছে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি রাখা হয়েছে। জরুরি যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা করতে ডিএমপির সোয়াট টিম, বোমা নিষ্ক্রিয়করণ দল, ডগ স্কোয়াড এবং ক্রাইম সিন ইউনিট সবসময় প্রস্তুত রাখা হয়েছে।

বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন প্রসঙ্গে বিশেষ নিরাপত্তার কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, দশমীর দিন প্রতিমা বিসর্জনের জন্য রাজধানীতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হওয়া বিসর্জনের মূল শোভাযাত্রাটি ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার পুরো পথ, জনসমাগম এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পর্যাপ্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় শোভাযাত্রাটি নির্বিঘ্ন করার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলও স্বাভাবিক রাখা হবে।

এ সময় নগরবাসীকে সম্পূর্ণ আশ্বস্ত করে ডিএমপি কমিশনার জানান, এবারের শারদীয় দুর্গোৎসবের পূর্ণ নিরাপত্তা বিধানে ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ