এয়ারবাসের মনুষ্যবিহীন যুদ্ধবিমান প্রথম উড্ডয়ন শেষ করল

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১২ অক্টোবর): ইউরোপের আকাশে প্রথমবারের মতো সফলভাবে উড্ডয়ন সম্পন্ন করেছে এয়ারবাসের মনুষ্যবিহীন যুদ্ধবিমান ‘ইউ৭৪০ ভালকিরি’। আমেরিকান প্রতিষ্ঠান ক্রাটোসের তৈরি ‘এক্সকিউ-৫৮এ ভালকিরি’ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি এই বিমানটি উত্তর ইউরোপের একটি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত মহড়ায় তার সবকটি নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে।

১২ অক্টোবর (সোমবার) এয়ারবাসের এক ঘোষণায় বলা হয়, প্রতিষ্ঠানটি ক্রাটোসের সঙ্গে যৌথভাবে কাজ করছে যাতে ২০২৯ সালের মধ্যে জার্মানি সহ অন্যান্য ইউরোপীয় দেশের সামরিক বাহিনীর জন্য পূর্ণাঙ্গ যুদ্ধ-উপযোগী সহযোগী বা ‘কমিটেড কমব্যাট এয়ারক্রাফট’ (সিসিএ) সরবরাহ করা সম্ভব হয়।

সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত এই চালকবিহীন প্রযুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট লক্ষ্য পরিচালনা ও একাধিক বিমানের মধ্যে নিখুঁত সমন্বয় করতে পারবে। তবে যেকোনো গুরুত্বপূর্ণ বা মূল সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ ক্ষমতা মানুষের হাতেই সংরক্ষিত থাকবে।

প্রযুক্তিগত দিক থেকে ৯.১ মিটার দীর্ঘ এবং ৮.২ মিটার ডানা বিশিষ্ট ইউ৭৪০ ভালকিরি ৪৫ হাজার ফুট উঁচুতে উড়তে সক্ষম। ৫ হাজার কিলোমিটারের বেশি পাল্লার এই বিমানে অভ্যন্তরীণ ভাগ ও ডানার নিচে অস্ত্র বহনের সুব্যবস্থা রাখা হয়েছে। বিমানটি পরিচালনার জন্য এতে এয়ারবাসের নিজস্ব ‘মার্স’ (MARS) মিশন সিস্টেম সংযুক্ত থাকছে।

২০২৯ সালের মধ্যে চালকবিহীন আকাশ প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে জোর প্রস্তুতি নিচ্ছে জার্মানি। জার্মানির এই বৃহৎ সামরিক কর্মসূচিতে এয়ারবাসের ভালকিরির পাশাপাশি রাইনমেটাল ও বোয়িং অস্ট্রেলিয়ার যৌথ প্রয়াস ‘এমকিউ-২৮ ঘোস্ট ব্যাট’ ভিত্তিক প্রস্তাবনাও প্রতিযোগিতা করছে। সূত্র: অ্যারোটাইম

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ