সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির দ্বিপক্ষীয় বৈঠক
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ অক্টোবর): বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরব ও কাতারের জ্বালানি খাতের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক সম্পন্ন করেছেন। রিয়াদে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম-১৭-এর পার্শ্ববৈঠক হিসেবে এগুলো অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা সুদৃঢ় করা, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের পরিধি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদল ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়।
সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল-কাহতানির সঙ্গে বৈঠকে শুরুতে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ভয়াবহ হামলায় নিহতদের প্রতি গভীর শোক জানান এবং এর তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এ সময় তিনি সৌদি আরবের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত শোকবার্তা সম্পর্কে সৌদি পক্ষকে অবহিত করেন। একই সঙ্গে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরানো এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতকরণে সৌদি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার অংশীদার হিসেবে সৌদি সরকারের সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দেন প্রতিমন্ত্রী। জবাবে সৌদি মন্ত্রী জানান, ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রমে এই সহযোগিতা অব্যাহত থাকবে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের জ্বালানি লক্ষ্যমাত্রা পূরণে দুই দেশের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সমঝোতা কাঠামো তৈরির ওপরও গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া দীর্ঘমেয়াদী জ্বালানি অংশীদারিত্ব, স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণ এবং অফশোর ও অনশোর গ্যাস অনুসন্ধানের বিষয়েও আলোচনা হয়েছে।
কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী এবং কাতার এনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী সাদ শেরিদা আল-কাবির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটানো, চলমান এলএনজি আমদানি প্রক্রিয়া এবং নতুন দীর্ঘমেয়াদি চুক্তির সম্ভাবনার ওপর আলোচনা হয়। কাতার এনার্জির পোর্টফোলিও থেকে এলএনজি সরবরাহ এবং এর উৎস বহুমুখীকরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যিক ও কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে।
দিনের শেষ পর্বে এসাকোয়া পাওয়ারের (ACWA Power) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে. সেরহানের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনাময় বিভিন্ন দিক নিয়ে আলোচনা হলে এসাকোয়া পাওয়ার এই খাতে বিনিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করে।
সূত্র: বাসস
মনোয়ারুল হক/
