আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ সেপ্টেম্বর): জনপ্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক ও উন্নত করতে আরও কিছুটা সময় প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তোষ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে মাওলানা সাদের অনুসারীদের (সাদপন্থী) সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইজতেমার তারিখ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাদ ও জুবায়েরপন্থী উভয় পক্ষই আলাদা আলাদা তারিখের প্রস্তাব দিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে দুটি পক্ষকে একত্রে বসে একটি যৌথ তারিখ নির্ধারণ করার আহ্বান জানানো হয়েছে। এর আগে জুবায়েরপন্থীদের সাথেও বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বলে জানান তিনি।

আসন্ন বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ সম্পর্কে মন্ত্রী বলেন, আগামী বছর ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজনের প্রাথমিক প্রস্তাব রয়েছে। নির্বাচনের কারণে গত বছর তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি।

বৈঠকে দুই পক্ষের ভিন্ন ভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। জুবায়েরপন্থীরা দুই পর্বে ইজতেমা আয়োজনের দাবি জানালেও, সাদপন্থীরা রমজানের আগে কিংবা প্রস্তাবিত দুই পর্বের মধ্যবর্তী সময়ে এক পর্বে ইজতেমা করার পক্ষে মত দিয়েছেন। এছাড়া নভেম্বরের শেষ দিকে বিশ্ব ইজতেমা শুরুর আগেও ইজতেমা করার প্রস্তাব রয়েছে তাদের।

এর আগে জুবায়েরপন্থীদের পক্ষ থেকে সাদপন্থীদের অন্য কোনো স্থানে ইজতেমা করার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সরকার এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেও মাওলানা সাদের অনুসারীরা তাতে সম্মত হননি। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অতীতের মতো কোনো ধরনের সংঘর্ষ বা হতাহতের ঘটনা এড়াতে অত্যন্ত সতর্ক রয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষ ও গোয়েন্দা সংস্থার সাথে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে মাওলানা সাদ সাহেবের বাংলাদেশগমনের বিষয়টি সম্পূর্ণভাবে ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন এবং এটি প্রচলিত ভিসানীতি ও ক্লিয়ারেন্স প্রক্রিয়ার ওপর নির্ভর করছে বলে জানান মন্ত্রী।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ