নেপালের দুর্যোগে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ আগস্ট): নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশটির এই দুর্যোগপূর্ণ সময়ে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘নেপালে ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। আমাদের চিন্তা ও প্রার্থনা প্রিয়জন হারানো সেসব পরিবার ও মানুষের সঙ্গে রয়েছে, যাদের এই অপূরণীয় ক্ষতি বহন করতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘প্রকৃতির এই কঠিন বিপর্যয়ে নেপালের পাশে রয়েছে বাংলাদেশ। দুর্যোগের এই সংকটময় মুহূর্তে নেপালকে যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত রয়েছে।’
প্রধানমন্ত্রী বন্যায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে স্বজন হারানো শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
মনোয়ারুল হক/
