নেপালে বন্যায় ৮০০ জন বিদেশিসহ নিখোঁজ ১৫০০
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৭ আগস্ট): হিমালয়ের একটি নদীতে কাদা ও পাথরের বিশাল ধস নেমে নেপাল ও চীনের তিব্বতজুড়ে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে বিদেশি নাগরিক রয়েছেন প্রায় ৮০০ জন।
তিব্বতের লাসা ও নেপালের রাজধানী কাঠমান্ডোর মধ্যে সংযোগকারী দুর্গম পাহাড়ি এলাকায় বুধবার ভয়াবহ এ বিপর্যয় ঘটে। পর্যটক, ট্র্যাকার ও তীর্থযাত্রীদের আনাগোনায় ব্যস্ত ওই অঞ্চলে ধসের পর নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে নেপালের উদ্ধারকারী দল। একই সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়া হাজারো মানুষের কাছে জরুরি ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মৃতের সংখ্যা ১৬৫ ছাড়িয়েছে।
নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে রয়টার্সকে বলেন, ‘আমরা অনুসন্ধান অভিযান আবারও শুরু করেছি। আরও মরদেহ উদ্ধারের সম্ভাবনা রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’
পুলিশ ও পর্যটন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নেপালে নিখোঁজ প্রায় ১ হাজার ৫০০ মানুষের মধ্যে ৬০০ জনের কাছাকাছি বিদেশি নাগরিক।
নিখোঁজ বিদেশি পর্যটকদের মধ্যে দুই ডজনেরও বেশি দেশের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ভারতের ১৭৭ জন, যুক্তরাষ্ট্রের ৬৩ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন, ব্রিটেনের ৩৩ জন এবং কানাডার ২৫ জন রয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, তিব্বতের জিরোং কাউন্টিতে ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক।
যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, পানির তীব্র স্রোতের সঙ্গে কাদা ও পাথরের ধ্বংসাবশেষ জিরোংয়ের একটি সীমান্ত ক্রসিংয়ে থাকা বহু মানুষকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে, স্রোতের নিম্নাঞ্চলে নেপালের বহু ঘরবাড়ি, সড়ক ও বিদ্যুৎ প্রকল্পও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। সূত্র: রয়টার্স
মনোয়ারুল হক/
