পরীক্ষায় নকল মিললে রেহাই পাবেন না কেন্দ্র ও প্রতিষ্ঠান প্রধান: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৪ জুন) : আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে এক চুলও ছাড় দেবে না সরকার। কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে যেমন কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, তেমনই সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকেও আইনের আওতায় আনা হবে।

বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আসন্ন এইচএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে এই সভার আয়োজন করা হয়। সেখানে মন্ত্রী উল্লেখ করেন, সময়ের সাথে সাথে নকলের ধরন ও কৌশল বদলেছে। এই আধুনিক অপকৌশল রুখতেই জাতীয় সংসদে পুরনো ‘পরীক্ষা আইন’ সংশোধন করে বর্তমান সময়ের উপযোগী ও আরও কঠোর করা হয়েছে। নতুন এই আইনের আওতায় অপরাধীদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

প্রশ্নফাঁস ও নকলের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। অসদুপায় অবলম্বনকারী শিক্ষার্থীর পাশাপাশি পরীক্ষা ব্যবস্থাপনায় জড়িতদের অবহেলা বা সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও তাৎক্ষণিক আইনি পদক্ষেপ (ডিটেনশন) নেওয়া হবে।

উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান এবং সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। উপস্থিত কর্মকর্তারাও একটি পরিচ্ছন্ন ও সফল পরীক্ষা আয়োজনে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ