তথ্যভিত্তিক সংসদ গঠনে বাজেট ডিব্রিফিং সেশন যুগান্তকারী ভূমিকা রাখবে: স্পিকার

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২১ জুন) : জাতীয় বাজেট ও রাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সংসদ সদস্যদের আরও দক্ষ ও সচেতন করে তুলতে ‘বাজেট ডিব্রিফিং সেশন’ একটি অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বিশেষ আয়োজন দেশের সংসদীয় গণতন্ত্রকে আরও মজবুত ভিত্তির ওপর দাঁড় করাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি।

রবিবার (২১ জুন) সংসদ সচিবালয়ের শপথ কক্ষে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’-এর উদ্যোগে আয়োজিত এক ডিব্রিফিং সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্পিকার তাঁর বক্তব্যে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশের বর্তমান অর্থনীতিতে রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, সঠিক ঋণ ব্যবস্থাপনা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য ও উপাত্তভিত্তিক বাজেট বিশ্লেষণে ‘বাজেট হেল্পডেস্ক’ দারুণ অবদান রাখছে। সংসদ সদস্যদের আরও বেশি সমৃদ্ধ হতে তিনি সংসদ লাইব্রেরির কার্যকর ব্যবহারের মাধ্যমে সরকারের আর্থিক নীতি ও কৌশল সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এমপি উল্লেখ করেন, সীমিত সম্পদের সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করে সরকার একটি বাস্তবমুখী বাজেট প্রণয়ন করেছে। এই প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত বাজেট হেল্পডেস্কটি সংসদ সদস্যদের প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহ ও বিশ্লেষণে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে।

সভাপতির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি স্মরণ করিয়ে দেন যে, জুলাই অভ্যুত্থান-পরবর্তী বর্তমান সংসদটি পূর্বের চেয়ে একেবারেই ব্যতিক্রমী এবং জনগণের গভীর পর্যবেক্ষণে রয়েছে। তাই একটি জবাবদিহিমূলক ও তথ্যভিত্তিক সংসদ গঠনে এই ডিব্রিফিং সেশনের গুরুত্ব অপরিসীম।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই জমকালো অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, হুইপগণ এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। পরিশেষে স্পিকার আনুষ্ঠানিকভাবে এই ডিব্রিফিং সেশনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ