তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারা দেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক (মৌলভীবাজার), এবিসিনিউজবিডি, (২৯ মে) : মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে সিলেটের সাথে রাজধানী ঢাকাসহ সারা দেশের রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
আজ শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী লাউয়াছড়া বনের ভেতরের অংশে এই দুর্ঘটনাটি ঘটে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী একটি খালি তেলবাহী ওয়াগন (ট্রেন) লাউয়াছড়া বনের ভেতর পৌঁছালে এর একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনার পর পরই সিলেটের সাথে দেশের অন্যান্য অঞ্চলের ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
সর্বশেষ পরিস্থিতি: দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের জন্য ইতিমধ্যে হাইড্রোলিক টুলব্যানসহ উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
যোগাযোগ করা হলে শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাইনচ্যুত বগিটি দ্রুত উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধারকারী হাইড্রোলিক টুলব্যান এসে পৌঁছালেই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হবে।
মনোয়ারুল হক/
