ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হচ্ছে: সড়ক পরিবহন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৭ মে) : পবিত্র ঈদুল আজহায় ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ এবং স্বস্তিদায়ক হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি উল্লেখ করেছেন যে, ঈদ উপলক্ষে গণপরিবহনগুলোতে বাড়তি ভাড়া আদায়ের কোনো ঘটনা ঘটছে না এবং সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যেই বাড়ি ফিরতে পারছেন।
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল সরজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
অতীতের চেয়ে বর্তমানের যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত হয়েছে দাবি করে শেখ রবিউল আলম বলেন, “সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে না। সাধারণ যাত্রীদের দুর্ভোগ লাঘবে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”
তবে কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, “যাত্রীচাপের তুলনায় গণপরিবহনের সংখ্যা কিছুটা কম। পাশাপাশি অনেক যাত্রীর মধ্যে চলন্ত অবস্থায় বাসে ওঠার একটি প্রবণতা বা অভ্যাস দেখা যায়। এরপরও কোনো যাত্রী যদি বাড়তি ভাড়া বা হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ করেন, তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সড়কের পাশে পশুর হাট বসার প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, “কিছু জায়গায় রাস্তার ওপর হাট চলে আসার খবর আমরা পেয়েছি। কোরবানির পশু কেনাবেচা এবং মানুষের ঈদযাত্রা—দুটি বিষয়কেই আমাদের সমানভাবে নিরাপদ করতে হবে। তবে দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রে সরকারের কিছু সীমাবদ্ধতাও রয়েছে।”
মনোয়ারুল হক/
