আঞ্চলিক উত্তেজনা ও সংঘাতের মাঝেই ইরানে ঈদুল আজহা পালন

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৭ মে) : ভূ-রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রতিক সংঘাতের ধকল কাটিয়ে ওঠার চেষ্টার মাঝেই ইরানে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হলো পবিত্র ঈদুল আজহা।

বুধবার (২৭ মে) দেশজুড়ে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান বিশেষ ঈদ জামাতে অংশ নেওয়ার মাধ্যমে ত্যাগের এই উৎসব পালন করেন।

ঈদুল আজহা ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র উৎসবগুলোর একটি। ইসলামী বর্ষপঞ্জির অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবটি উপলক্ষে ইরান সরকার দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করে। এদিন সকাল থেকেই রাজধানী তেহরানসহ দেশের প্রধান প্রধান শহরগুলোতে ঈদের নামাজের উদ্দেশ্যে ঢল নামে সাধারণ মানুষের।

রাজধানীর তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি।

ঈদের জামাতে রাজনৈতিক, সামরিক এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারাও অংশ নেন।

এসময় ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয় ইরানের বিভিন্ন মসজিদে।

এবারের ঈদ এমন এক সময়ে উদযাপন করলো ইরান, যখন দেশটি সাম্প্রতিক সংঘাতের অভিঘাত থেকে পুনরুদ্ধারের চেষ্টা করছে।

গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একের পর এক হামলায় ইরানের জনজীবনে গভীর প্রভাব ফেলেছে। সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি, অর্থনীতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও চাপ তৈরি হয়েছে।

তবুও সব অনিশ্চয়তা ও যুদ্ধের ক্ষত বুকে নিয়েই ধর্মীয় উৎসবের চেতনায় ঐক্য এবং ধৈর্যের বার্তা নিয়ে ঈদুল আজহা উদযাপন করেছে ইরানের জনগণ।

সূত্র : তাসনিম নিউজ

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ