কৃষিজমি বাঁচিয়েই চলবে উন্নয়ন কাজ: স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঠাকুরগাঁও), এবিসিনিউজবিডি, (২৭ মে) : দেশের সামগ্রিক উন্নয়ন প্রকল্পগুলো কৃষিজমি রক্ষা করেই বাস্তবায়ন করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ক্রমাগত কৃষিজমি হ্রাস পাওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আবাদি জমি কমে যাওয়া আমাদের ভবিষ্যতের জন্য একটি বড় সতর্কবার্তা।

তিনি আরও জোর দিয়ে বলেন, যেকোনো নতুন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার সময় কৃষিজমির ওপর যাতে এর ক্ষতিকর প্রভাব সর্বনিম্ন রাখা যায়, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। পরিবেশ এবং ভবিষ্যতের খাদ্য নিরাপত্তার সবদিক মাথায় রেখেই সরকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।

বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর, গড়েয়া, সালন্দর  ইউনিয়নে সম্ভাব্য বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা যতটা সম্ভব কৃষিজমি নষ্ট করব না। উন্নয়নের ক্ষেত্রে উপরের দিকে যাওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই এমনভাবে পরিকল্পনা করতে হবে, যাতে কৃষির ওপর নেতিবাচক প্রভাব না পড়ে।’

তিনি আরও বলেন, বাংলাদেশে কৃষিজমি দিন দিন কমে আসছে, যা দেশের জন্য ভালো নয়। এ কারণে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কৃষি, পরিবেশ ও মানুষের স্বার্থ বিবেচনায় রেখে কাজ করা হবে।

উন্নয়নমূলক কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী জেলার আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প ও সম্ভাব্য স্থাপনার স্থান পরিদর্শন করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ