লাব্বাইক ধ্বনিতে কম্পিত আরাফাত, আজ পবিত্র হজ
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ মে) : আজ মঙ্গলবার (৯ জিলহজ) বিশ্বের মুসলিম উম্মাহর সবচেয়ে বড় জমায়েত পবিত্র হজ অনুষ্ঠিত হচ্ছে। পৃথিবীর নানা প্রান্ত থেকে সমবেত হওয়া লাখো পুণ্যার্থীর কণ্ঠে এখন ধ্বনিত হচ্ছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক’। সৃষ্টিকর্তার দরবারে হাজিদের এই আকুল আত্মনিবেদনে মুখরিত হয়ে উঠেছে ঐতিহাসিক আরাফাতের ময়দান। নিয়ম অনুযায়ী, আজ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই পবিত্র ভূমিতে অবস্থান করবেন তারা।
এর আগে, গতকাল সোমবার (৮ জিলহজ) তাঁবুর শহর মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয় হজের মূল আনুষ্ঠানিকতা। গত রবিবার রাত থেকেই মক্কা থেকে দলে দলে হাজিরা মিনায় এসে পৌঁছাতে শুরু করেন। মিনায় অবস্থানকালে হাজিরা জোহর, আসর, মাগরিব, এশা এবং ৯ জিলহজের ফজরসহ মোট পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন।
আজ সকালে মিনায় ফজরের নামাজ শেষেই হাজিরা আরাফাতের ময়দানের দিকে যাত্রা করেছেন। ইসলামের বিধান অনুযায়ী, আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের প্রধান ফরজ কাজ। এখানে হাজিরা হজের খুতবা শুনবেন এবং সূর্যাস্ত পর্যন্ত ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।
বাংলাদেশি হাজিদের পাশে ধর্মমন্ত্রী মিনায় অবস্থানরত বাংলাদেশি হাজিদের সার্বিক খোঁজখবর নিতে বিভিন্ন তাঁবু পরিদর্শেন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। হাজিদের আবাসন, খাবার ও চিকিৎসাসেবার মতো জরুরি বিষয়গুলো তিনি নিজে তদারকি করছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এছাড়া মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে মিনার বাংলাদেশি হাজিদের মাঝে ৫ হাজার প্যাকেট উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।
এদিকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের যাতায়াত, তাঁবুতে অবস্থান ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেবার মান ঠিক রাখতে বিভিন্ন কেন্দ্রে কড়া নজরদারি চালানো হচ্ছে।
তীব্র গরমে বিশেষ সতর্কতা: সৌদি আরবে চলমান প্রচণ্ড গরমের কারণে হাজিদের সুরক্ষায় বিশেষ নির্দেশনা দিয়েছে দেশটির প্রশাসন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া তাঁবুর বাইরে বের না হতে পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে হিটস্ট্রোক ও ডিহাইড্রেশন থেকে বাঁচতে পর্যাপ্ত পানি পান করা, ছাতা ব্যবহার এবং সরাসরি রোদ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
মনোয়ারুল হক/
