শ্রীপুরে দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (২৬ মে) : মাগুরার শ্রীপুরে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং এলাকার অসহায়-দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন এবং ৩ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এ ছাড়া উপজেলার ৪২টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম ও মাসুদ মুজুমদার।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর, যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মনোয়ারুল হক/
