মাগুরার শ্রীপুরে যুবতীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর, মাগুরা ), এবিসিনিউজবিডি, (১ এপ্রিল) : মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নে লিমা খাতুন (২৩) নামে এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে গয়েশপুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
নিহত লিমা খাতুন উপজেলার বড় উদাস গ্রামের আবদুল হাইয়ের মেয়ে। তার স্বামী সুজন মিয়া ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে লিমা খাতুন নিখোঁজ হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া ধর্ষণের কোনো ঘটনা ঘটেছে কিনা, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে স্বামী সুজন মিয়া হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ