মব কঠোরভাবে দমন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঠাকুরগাঁও), এবিসিনিউজবিডি, (২৩ মার্চ) : মব কঠোরভাবে দমন করা হবে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমরা কোনো মব তৈরি করতে দেব না। গায়ের জোড়ে আইনের বাইরে গিয়ে কেউ কোনো কাজ করবেন না। আইন-কানুন মেনে চলবেন। বিএনপি কাজ করার জন্য এসেছে। তারেক রহমানের নেতৃত্বে অনেক এগিয়ে যাবে দেশ।’

সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনর্খনন কাজ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কিছু নেতা বের হয়েছে, যারা বেহেশতে যাওয়ার টিকিট দিচ্ছে। কিন্তু বেহেশত তো দিতে পারলো না এবার। আমরা আমাদের কাজ দিয়ে ইনশাআল্লাহ বেহেশতে যাব। একটা জিনিস মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্ম মানুষের অন্তরের ব্যাপার।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি যে কথা বলে, সেটা কাজ করে দেখায়। আমরা আমাদের কাজ করে ইবাদত করে বেহেস্তে যাব। ধর্মকে ব্যবহার করে কেউ বেহেস্তে যেতে পারে না। বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ, তাই ধর্ম নিয়ে ব্যবসা তারা পছন্দ করে না।’

প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সৎভাবে কাজ করবেন, কেউ যাতে অভিযোগ না করতে পারে যে, খাল খনন কাজ হয়নি।

মির্জা ফখরুল বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের জন্য বড় ক্ষতি করবে। সামনের দিনগুলো খুব একটা ভালো হবে না, সব কিছুর দাম বাড়বে। এটাকে মোকাবেলা করেই সরকার কাজ করছে। কিন্তু কিছু পাম্পে আমরা দেখেছি ভাঙচুর হয়েছে। আমরা সরাসরি বলতে চাই- কোনো মব তৈরি করতে দেব না, কঠোরভাবে দমন করা হবে।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনারা ঠিক রাস্তায় চলবেন। রাস্তা সোজা হতে হবে। আমি সব দিকে রাডার সেট করে রেখেছি। কে কী করছেন আমি সব দেখতে পাচ্ছি, খবর পাচ্ছি। আমি পরিষ্কার করে বলছি, একটু অভিযোগ পেলে ক্ষমা করব না। নেতৃত্বও যাবে, আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।’

নেহা নদী পুনর্খনন কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৪২ লা ৭৯ হাজার টাকা। ৫ দশমিক ৮ কিলোমিটার নদী খননের এই কাজটি পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করবে এবং তিন মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ডা. মোহাম্মদ সরফরাজ বান্দাসহ অন্যান্যরা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ