ভিনিসিয়ুসের জোড়ায় রোমাঞ্চকর জয় রিয়ালের, জিতল বার্সেলোনাও

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ মার্চ) : চলতি মৌসুমের প্রথম দেখায় অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে গিয়ে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার সান্তিয়াগো বার্নাব্যুতে দারুণ রোমাঞ্চকর ম্যাচে লস ব্লাঙ্কোসরা সেই শোধ তুলেছে। প্রথমে পিছিয়ে পড়ে সমতা টানার পর ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে জয়ও আদায় করে নিলো রিয়াল। অবশ্য ফেদেরিকো ভালভার্দে ৭৭ মিনিটে লাল কার্ড দেখায় বাকি সময়ে স্বাগতিকদের ১০ জন নিয়ে খেলতে হয়েছে।

ভিনি ছাড়া রিয়ালের অপর গোলটি করেন ভালভার্দে। বিপরীতে অ্যাতলেটিকোর পক্ষে একটি করে গোল করেন আদেমোলা লুকমান ও নাহুয়েল মোলিনা। পরিসংখ্যানেও এগিয়ে ছিল রিয়াল। ৫৯ শতাংশ পজেশনের পাশাপাশি ১৪ শট নিয়ে ৮টি লক্ষ্যে ছিল তাদের। অন্যদিকে, অ্যাতলেটিকোর নেওয়া ১২ শটের ৭টি লক্ষ্যে ছিল।

মাদ্রিদ ডার্বির এই লড়াইয়ে নবম মিনিটেই লিড নিতে পারত রিয়াল, তবে পোস্টে বাধা পায় ভালভার্দের শট। শুরুর আধাঘণ্টা গোলরক্ষক আন্দ্রে লুনিনকে কিছু করতে হয়নি, তবে ৩৩ মিনিটে তাকে ফাঁকি দিয়েছেন ফেব্রুয়ারিতে আতালান্তা ছেড়ে অ্যাতলেটিকোয় যোগ দেওয়া লুকমান। জিউলিয়ানো সিমিওনের ব্যাকহিল পাস পেয়ে ছয় গজ দূরত্ব থেকে গোলটি করেছেন তিনি। যা স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়ার পর এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের পঞ্চম গোল। রিয়াল সমতায় ফেরে ৫২ মিনিটে। ব্রাহিম দিয়াজ বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিতে গোল করেছেন ভিনিসিয়ুস।

দারুণ সময় কাটানো ভালভার্দে স্কোরশিটে নাম তুললেন প্রথম গোলের মিনিট তিনেকের মাথায়। রিয়ালকে লিড এনে দেওয়া গোলটি তিনি করেছেন প্রতিপক্ষ ফুটবলারের কাছ থেকে বল কেড়ে নিয়ে কোনাকুনি শটে। সেই লিড টিকল ১১ মিনিট। আর্জেন্টাইন ডিফেন্ডার মোলিনা ২৫ গজ দূর থেকে বাতাসে ভাসানো জোরালো শটে গোল করেছেন। অবশ্য রিয়ালের ফের লিড পেতে বেশি সময় লাগে ৭২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে শট নিয়ে তিনি অ্যাতলেটিকো গোলরক্ষককে পরাস্ত করেছেন। ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন্স লিগে বিদায় নিশ্চিতের ম্যাচের পর এদিনও জোড়া গোল করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সবমিলিয়ে চলতি মৌসুমে তার গোলসংখ্যা ১৭।

৭৭ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। আলেক্স বায়েনাকে ফাউল করায় উরুগুইয়ান তারকাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। লস ব্লাঙ্কোসদের আপত্তি সত্ত্বেও সেই সিদ্ধান্ত বদলায়নি। এরপর গোল খেতে খেতে বেঁচে গেছে রিয়াল। হুলিয়ান আলভারেজের শট পোস্টে বাধা পাওয়ার পর সরলথের হেড ঠেকিয়েছেন লুনিন। ৩-২ ব্যবধানের এই জয়ে লা লিগার টেবিলে দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ২৯ ম্যাচে ৬৯। ৫৭ পয়েন্ট নিয়ে চারে অ্যাতলেটিকো।

এর আগে একইদিন অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনা ১-০ গোলে রায়ো ভায়েকানোকে হারিয়েছে। কাম্প ন্যুতে জয় আদায়ের পথে একমাত্র গোলটি করেন রোনাল্দ আরাউহো। প্রথমার্ধের সেই গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে। গত আগস্টে চলতি মৌসুমের প্রথম দেখায় ভায়েকানোর কাছে হোঁচট (১-১) খেয়েছিল কাতালানরা। ফিরতি লড়াইয়ে নেমে ম্যাচের ২৪ মিনিটেই হ্যান্সি ফ্লিকের দল লিড নেয়। জোয়াও কান্সেলোর কর্নারে পাওয়া বল হেড দিয়ে জালে জড়ান উরুগুইয়ান সেন্টারব্যাক আরাউহো।

এরপর আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও কোনো দল স্কোরলাইন বদলাতে পারেনি। ২৯ ম্যাচে ২৪ জয় ও এক ড্রয়ের পর ৭৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রাখল বার্সা। রিয়াল পিছিয়ে আছে ৪ পয়েন্টে। আর ভায়েকানো ৩২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ