লেখক ও প্রকাশকদের দাবিতে বাড়ল গ্রন্থমেলার সময়

প্রতিবেদক, এবিসি নিউজ বিডি ,ঢাকা: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, লেখক ও প্রকাশকদের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এর সময়সীমা ২ (দুই) দিন বৃদ্ধি করা হয়েছে। ফলে আগামী ২ মার্চ ২০১৯ তারিখ পর্যন্ত অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ চলবে।আগামীতে মেলার পরিসর আরো বৃদ্ধি করা হবে। তাছাড়া আগামী বছর থেকে বইমেলার প্রস্তুতি আরো আগে থেকে শুরু করা হবে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমি চত্বরে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল এনডিসি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, বিকাশ লিমিটেড এর চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী ও নিরাপদ মিডিয়া কমিউনিকেশনস লিমিটেড এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এর প্রতিবেদন পাঠ করেন বাংলা একাডেমির পরিচালক ও অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ আয়োজন কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ।

প্রধান অতিথি বলেন, আগামীতে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের পশ্চিম পাশের অংশটিকে গ্রন্থমেলার অন্তর্ভুক্ত করা যায় কিনা সেটি আমরা বিবেচনা করে দেখছি। প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে সারাদেশে গ্রন্থমেলা ও গ্রন্থাগারের কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে।

পরে প্রতিমন্ত্রী কবি নির্মলেন্দু গুণ এর হাতে কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০১৯ তুলে দেন। তাছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানকে চিত্তরঞ্জন স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার ও কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, এ বছর অমর একুশে গ্রন্থমেলায় এ পর্যন্ত ৪৬৮৫টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ