সাংবাদিক প্রবেশ নিষেধ মমেক হাসপাতালে !

MMC ময়মনসিংহ মেডিকেল কলেজসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ময়মনসিংহঃ  ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে শিক্ষার্থীদের নামে একটি ‘বিশেষ বিজ্ঞপ্তি’ প্রকাশ করা হয়েছে, যেখানে প্রতিষ্ঠানটিতে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার কথা লিখা আছে। তবে কলেজ কর্তৃপক্ষ বলেছে, তারা এ ব্যাপারে কিছুই জানেন না।

হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন দেয়ালে সাঁটানো এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশেষ বিজ্ঞপ্তি : দালাল এবং সাংবাদিকদের প্রবেশ নিষেধ, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার শিকার হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। প্রচারে- ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রছাত্রীবৃন্দ।’

এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মতিউর রহমান বলেন, ‘আপনার কাছ থেকে এ বিষয়টি আমি প্রথম শুনলাম। আমার জানা মতে, হাসপাতালে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কে বা কারা এ কাজটি করেছে তা আমরা তদন্ত করে দেখবো।’

মমেক হাসপতালের উপ-পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম ভূইয়া বলেন, ‘কে বা কারা এ বিজ্ঞপ্তি হাসপাতালের দেয়ালে দেয়ালে লাগিয়েছে তা আমার জানা নেই। বিজ্ঞপ্তিটি আমারও চোখে পড়েছে।  তবে এ রকম লেখা উচিত হয়নি।’

এসব বিজ্ঞপ্তি দ্রুত অপসারণ করা হবে বলে আশ্বাস দেন হাসপাতালের শীর্ষ এ কর্মকর্তা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রেস ক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খান বলেন, ‘শিক্ষার্থীদের নামে প্রচারিত এ ধরনের বিজ্ঞপ্তি হাসপাতালের দেয়ালে শোভা পাবে আর কর্তৃপক্ষ বলবেন এটা তাদের জানা নেই, এটা হতে পারে না। এ ব্যাপারে দায়-দায়িত্ব কার সেটা প্রকাশ করতে হবে।’

হাসপাতালে সাংবাদিক নিষিদ্ধ করার এ নোটিশের নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দ্রুত এটি অপসারণ করে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের অবস্থান পরিস্কার করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ