পেপারবিহীন সংসদ গঠনে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৬ সেপ্টেম্বর): কাগজের ব্যবহার পুরোপুরি বন্ধ করে একটি আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সংসদ গঠনের কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে জাতীয় সংসদে খুব শীঘ্রই ‘ই-পার্লামেন্ট’ ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
আজ (রোববার) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে বৈঠক করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ এবং এ বি এম মোশাররফ হোসেন।
বৈঠকে চলতি মাসের শেষ নাগাদ এই প্রজেক্টের ওপর একটি বিশেষ উপস্থাপনা তুলে ধরার নির্দেশনা দিয়েছেন স্পিকার। সেখানে নতুন এই সিস্টেমের কাজ করার পদ্ধতি এবং প্রযুক্তিগত দিকগুলো আলোচনা করা হবে।
নতুন এই ডিজিটাল ব্যবস্থায় বাংলা এবং ইংরেজি—দুটি ভাষাই থাকবে। এর মাধ্যমে সংসদীয় বিভিন্ন ফাইল, তথ্য আদান-প্রদান এবং নথিপত্র ব্যবস্থাপনা আরও দ্রুত ও সহজ হবে। পুরো প্রক্রিয়াটি সুন্দরভাবে পরিচালনা করতে ডেপুটি স্পিকারকে প্রধান করে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্পিকার। এই কমিটি প্রকল্পের অবকাঠামো ও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কাজ করবে।
সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ সফল হলে সংসদীয় কার্যক্রমে গতি আসার পাশাপাশি কাগজের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এর ফলে একদিকে যেমন প্রশাসনিক খরচ ও সময় বাঁচবে, অন্যদিকে সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে।
প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তার জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বিভিন্ন বিদেশি দাতা সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকটিতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
