গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০
গোপালগঞ্জ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (৬ সেপ্টেম্বর): গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১৬ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি এবং পুলিশ জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
রবিবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার গেড়াখোলা সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’-এর বাসটি গেরাখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি রাস্তার পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ পরিচালনা করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
মনোয়ারুল হক/
