আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি: আইজিপি
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৫ সেপ্টেম্বর): মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীরা বারবার আইনের মুখোমুখি হলেও আইনি মারপ্যাঁচ এবং নানা সীমাবদ্ধতার কারণে তাদের বেশি দিন আটকে রাখা সম্ভব হয় না—এমন মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় অপরাধজগতে ফিরে যায় বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ-পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশের জনবলসংকট নিয়ে আইজিপি জানান, দেশের জনমিতির তুলনায় পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা বেশ কম। প্রায় এক হাজার নাগরিকের সুরক্ষায় নিয়োজিত আছেন মাত্র একজন পুলিশ সদস্য। তাই কার্যকর আইনশৃঙ্খলা বজায় রাখতে সাধারণ মানুষসহ সমাজের সকল পেশাজীবী ও শ্রেণিগত অংশীদারত্ব প্রয়োজন।
নতুন প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে বাঁচাতে পারিবারিক সচেতনতার ওপর জোর দিয়ে তিনি বলেন, আকর্ষণীয় নাম বা এনার্জি ট্যাবলেটের মোড়কে ইয়াবাসহ নানা ভয়ংকর মাদক তরুণ প্রজন্মের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। যুবসমাজকে বাঁচাতে পরিবার ও সমাজকে আরও বেশি সতর্ক হতে হবে।
পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়ে আইজিপি বলেন, কেবল লোকদেখানো প্রচারণার অংশ হিসেবে নয়, বরং বাস্তবভিত্তিক পরিবর্তন আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানী ঢাকার বায়ুদূষণ ও পরিবেশগত অবনতি রোধে ব্যাপক হারে বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। শিক্ষার্থীদের কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় আটকে না রেখে পরিচ্ছন্নতা অভিযান ও স্বেচ্ছাসেবা কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ বলেন, এই বৃক্ষরোপণ কর্মসূচি ঢাকা শহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বিশেষ মাইলফলক। কমিউনিটি পুলিশ ও কমিউনিটি ব্যাংকের এই প্রয়াস রাজধানীর প্রতিটি প্রান্তে সচেতনতার বার্তা ছড়িয়ে দেবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, সবুজায়ন ও পরিচ্ছন্নতা একে অপরের পরিপূরক। নগরবাসীর মানসিকতার পরিবর্তন এবং শহরকে নিজেদের বাসস্থান হিসেবে ভালোবাসলে ঢাকাকে আরও সুন্দর ও বাসযোগ্য করা সম্ভব।
আলোচনা পর্ব শেষে ভিকারুননিসা নূন স্কুল প্রাঙ্গণে একটি নিম গাছ রোপণ করে এই সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচির উদ্বোধন করেন আইজিপি ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক। এ সময় কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
