বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: বিরোধীদলীয় নেতা
নারায়ণগঞ্জ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (৫ সেপ্টেম্বর): বর্তমান প্রশাসন জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধ—এই ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।
সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের রাজপথ রক্তে ভেসেছিল। কিন্তু শহীদদের সেই আকাঙ্ক্ষা ও দাবি আজও অপূর্ণ রয়ে গেছে। জনগণের অধিকার আদায় এবং জুলাইয়ের চেতনা ফিরিয়ে আনতেই আমরা রাজপথে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।’ জনগণের সঙ্গে এই ‘ভাঁওতাবাজি’র উপযুক্ত জবাব সাধারণ মানুষ দেবে বলেও মন্তব্য করেন তিনি।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সভাপতি মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় এনপিপি নেতা ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
মনোয়ারুল হক/
