রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (৫ সেপ্টেম্বর): দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের রাষ্ট্রীয় সফরে নিজের জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর নির্ধারিত এই সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে বইছে আনন্দের হাওয়া। স্থানীয় বাসিন্দাদের মাঝে তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও উৎসবমুখর পরিবেশ।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় হেলিকপ্টারযোগে ঢাকার তেজগাঁও থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। সকাল ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে তার অবতরণের কথা রয়েছে। সেখান থেকে সরাসরি জেলা সার্কিট হাউসে পৌঁছে তিনি গার্ড অব অনার গ্রহণ করবেন।

এরপর শহরের সেনুয়াপাড়া গোরস্থানে চিরনিদ্রায় শায়িত তার বাবা—সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন (চোখামিয়া) ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন তিনি। কবর জিয়ারত শেষে কালীড়াবাড়িস্থ নিজ বাসভবনে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম সেরে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে নাগরিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় শেষে রাতে নিজ বাসভবনেই রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার জামালপুর এলাকার ঠাকুরগাঁও-পীরগঞ্জ সংলগ্ন সড়কে বহুল কাঙ্ক্ষিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপ্রধান। দীর্ঘদিনের এই পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি বাস্তবায়িত হতে চলায় স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বাড়তি উদ্দীপনা লক্ষ করা গেছে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নিজ বাসভবনে দুপুরের খাবার ও বিশ্রাম সেরে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করবেন তিনি।

রাষ্ট্রপতির এই ঐতিহাসিক আগমনকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তোরণ নির্মাণ, আলোকসজ্জা এবং সড়ক ডিভাইডার রঙ করার কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তিন স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মো. খয়রুল কবির জানান, রাষ্ট্রের সর্বোচ্চ আসনে আসীন হয়ে নিজ শেকড়ে ফিরে আসায় ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে এই আয়োজনের মধ্য দিয়ে। জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানিয়েছেন, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন ও সফল করতে দলীয় নেতাকর্মীসহ সব সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ