বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী
নরসিংদীর প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (৪ সেপ্টেম্বর): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন।
শুক্রবার নরসিংদীর তাঁত বোর্ড ইনস্টিটিউট মিলনায়তনে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ড. মঈন খান উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার এবং মর্যাদা নিশ্চিত করা। দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে এই মূলবোধকে আঁকড়েই রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছে দলটি।
নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
দেশের অর্থনৈতিক কাঠামোর ভিত্তি মজবুত করার ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদান স্মরণ করে স্থানীয় সরকারমন্ত্রী জানান, তাঁর আমলেই মূলত উৎপাদনমুখী ও উন্নয়নের রাজনীতির যুগ শুরু হয়। বাজার অর্থনীতি উন্মুক্তকরণ, তৈরি পোশাকশিল্পের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মী প্রেরণের মতো দূরদর্শী উদ্যোগগুলোর সুফল আজো পাচ্ছে বাংলাদেশ।
একই সঙ্গে আন্তর্জাতিক কূটনীতিতে দেশের অবস্থান সুদৃঢ় করা এবং নারী ও শিশু অধিকার সুরক্ষায় তৎকালীন সরকারের নেওয়া পদক্ষেপগুলোর কথা তুলে ধরেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে নরসিংদীর কৃতি সন্তান ও দলটির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আবদুল মোমেন খানের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্নে নরসিংদী অঞ্চলে বিএনপির সাংগঠনিক ভিত্তি গঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
পাশাপাশি, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে ড. মঈন খান বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়ে তিনি জনগণের ভোটে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এবং মোট তিনবার সরকার প্রধানের দায়িত্ব পালন করে সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করেন।
মনোয়ারুল হক/
