আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৪ সেপ্টেম্বর): রাজপথে আন্দোলনের কর্মসূচির পাশাপাশি জ্বালানি সংকট সমাধানে সুনির্দিষ্ট ও কার্যকর বিকল্প পরিকল্পনা তুলে ধরার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বর্তমান জ্বালানি পরিস্থিতির পেছনের কারণ তুলে ধরে রিজভী বলেন, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক সংঘাত এবং বিগত সরকারের ত্রুটিপূর্ণ নীতির কারণেই মূলত গ্যাস ও বিদ্যুতের বর্তমান ঘাটতি তৈরি হয়েছে। হরমুজ প্রণালির মাধ্যমে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় আমদানিতে সংকট দেখা দিয়েছে, যা পুরোপুরি বৈশ্বিক পরিস্থিতির ফল।
বিরোধী দলের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, কেবল সমালোচনা করা বা কর্মসূচি দেওয়া গণতান্ত্রিক চর্চার অংশ হলেও দেশের এই ক্রান্তিলগ্নে সংকট উত্তরণে সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া প্রয়োজন। গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ কীভাবে স্বাভাবিক রাখা যায়, সে বিষয়ে বিকল্প প্রস্তাব সংসদে এবং সংসদের বাইরে তুলে ধরার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে নৃত্য ও সংগীতের মতো সাংস্কৃতিক মাধ্যমের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, এসব পরিবেশনা আন্দোলনকারীদের ভেতর সাহসিকতা ও অনুপ্রেরণা জুগিয়েছিল।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, চলচ্চিত্র অভিনেতা হেলাল খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মনোয়ারুল হক/
