সাংবাদিকদের দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ নিশ্চিত করেছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (৪ সেপ্টেম্বর): সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বর্তমান সরকার বিশ্বাসী উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, গণমাধ্যমকর্মীরা যাতে কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সেই অনুকূল পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এর পরিচিতি সভা ও এসএসসি-দাখিল পরীক্ষায় সফল শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পেশাগত কল্যাণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীতকরণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি, প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপতথ্য প্রতিরোধ করে পেশাগত মান অক্ষুণ্ন রাখতে সরকার কাজ করে যাচ্ছে।

হাওর অঞ্চলের শিক্ষার্থীদের বিশেষ সুবিধা এবং পৃথক অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি জাতীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের যাতায়াত ও শিক্ষাজীবনের সুবিধার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে এবং খুব দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, কেবল জিপিএ-৫ অর্জনের মধ্যে সফলতা সীমাবদ্ধ নয়; বরং পরিবার, শিক্ষক ও দেশের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এছাড়া তৃণমূলের যুবসমাজকে ক্রীড়ামুখী করতে মাঠের আধুনিকায়ন এবং অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে চীনা ও আরবি ভাষা শেখার বিশেষ কার্যক্রম চালুর কথা জানান তিনি।

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলিলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী এবং জেলা প্রেস ক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।

সকালে শুরু হওয়া এ আয়োজনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ