পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী
জয়পুরহাট প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (৪ সেপ্টেম্বর): হঠাৎ সামনে চলে আসা এক পথচারীকে রক্ষা করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ও তার সহধর্মিণী নাজমা আরা বারী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে পূর্বনির্ধারিত দলীয় ও সরকারি কর্মসূচিতে যোগ দিতে জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন প্রতিমন্ত্রী। সকাল সোয়া ৯টার দিকে গাড়িবহরটি উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর (কিচক ব্রিজ সংলগ্ন) এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়া এক নারী পথচারী হঠাৎ গাড়ির সামনে চলে আসেন। চালক আকস্মিক ব্রেক কষে ওই পথচারীকে বাঁচানোর চেষ্টা করলে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে পাশের কৃষিজমিতে নেমে উল্টে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহায়তায় প্রতিমন্ত্রী, তার স্ত্রী এবং গাড়িতে থাকা নিরাপত্তাকর্মীকে উদ্ধার করা হয়। প্রাথমিক অবস্থায় তাদের কালাইয়ে প্রতিমন্ত্রীর নিজস্ব বাসভবনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে শারীরিক পর্যবেক্ষণের জন্য তাদের জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
এদিকে আকস্মিক এই দুর্ঘটনায় আহত পথচারী নারীর পরিচয়ও নিশ্চিত করা হয়েছে। তিনি শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৫৫)। তাকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, আকস্মিক পথচারীকে বাঁচাতে গিয়েই মূলত দুর্ঘটনাটি ঘটে। এতে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আঘাত পেয়েছেন এবং পথচারী নারী চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ গ্রহণের কাজ চলছে।
মনোয়ারুল হক/
