হাইটেক পার্কের শিল্পপ্রতিষ্ঠানের বিদেশি রেমিট্যান্সে নতুন সুবিধা
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ সেপ্টেম্বর): হাইটেক পার্কে (এইচটিপি) পরিচালিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিদেশি অর্থ পরিশোধের ক্ষেত্রে নতুন সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন নির্ধারিত সীমার মধ্যে রয়্যালটি, টেকনিক্যাল নলেজ ও কারিগরি সহায়তা ফি বাবদ এসব প্রতিষ্ঠান নিজেদের টাকা হিসাব থেকে বিদেশে অর্থ পাঠাতে পারবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এসব অর্থ পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক রেমিট্যান্সের ব্যবস্থা করতে পারবে।
এ সুবিধার আওতায় টাকা হিসাব থেকে অর্থ পাঠানোর পাশাপাশি আগে অনুমোদিত বৈদেশিক মুদ্রা হিসাব ব্যবহারের ব্যবস্থাও বহাল থাকবে। তবে রেমিট্যান্স করার আগে এডি ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে যে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রায় কোনো আয় নেই।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, হাইটেক পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বৈদেশিক অর্থ পরিশোধের বাধ্যবাধকতা সহজ করার লক্ষ্যেই এ সুবিধা দেওয়া হয়েছে।
তবে নির্ধারিত সীমার বেশি রয়্যালটি, টেকনিক্যাল নলেজ ও কারিগরি সহায়তা ফি বিদেশে পাঠাতে হলে বিএইচটিপিএর পূর্বানুমোদন নিতে হবে। একইভাবে, অন্যান্য অনুরূপ প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রেও অর্থের পরিমাণ বিবেচনা না করে বিএইচটিপিএর নির্দিষ্ট অনুমোদন প্রয়োজন হবে।
বাংলাদেশ ব্যাংকের নতুন এ সিদ্ধান্তের ফলে হাইটেক পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলো বিদেশি চুক্তির আওতায় অর্থ পরিশোধ এবং পরিচালনাগত ব্যয় নির্বাহে আরও বেশি নমনীয়তা পাবে। এতে প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক লেনদেনের প্রক্রিয়াও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মনোয়ারুল হক/
