শিক্ষায় বাজেটের অভাব নেই: শিক্ষামন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ সেপ্টেম্বর): সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার আমলে চালু হওয়া মেয়েদের উপবৃত্তি কার্যক্রম বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে বাজেটের কোনো কমতি নেই।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলা ১১টায় এই অনুষ্ঠান শুরু হয়।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে মেয়েদের জন্য উপবৃত্তির যে প্রচলন করা হয়েছিল, তা অত্যন্ত যুগোপযোগী একটি সিদ্ধান্ত ছিল। শুধু দেশেই নয়, এই উদ্যোগটি আন্তর্জাতিক অঙ্গনেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আফ্রিকার বিভিন্ন দেশও আমাদের এই পলিসি অনুসরণ করে উপবৃত্তি চালু করেছে। অতীতে এক আফ্রিকান চিকিৎসক প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে, এই উপবৃত্তির সুবাদেই তিনি চিকিৎসাশাস্ত্র পড়ার সুযোগ পেয়েছিলেন। একটি কল্যাণমুখী শিক্ষা কর্মসূচি যে মানুষের জীবনধারা পুরোপুরি পাল্টে দিতে পারে, এটি তারই জ্বলন্ত প্রমাণ।

তিনি বলেন, আজ যারা সচিব হিসেবে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, তারাও একসময় শিক্ষার্থী ছিলেন। নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে তারা দেশসেবায় নিয়োজিত হয়েছেন। আজকের শিক্ষার্থীরাও একদিন রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ জায়গায় আসবে এমন প্রত্যাশা করেন তিনি।

শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় কাজ করার মতো পর্যাপ্ত সুযোগ রয়েছে। তবে নানা কারণে কাঙ্ক্ষিত গতিতে অগ্রগতি অর্জিত হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিকভাবে বাজেট বৃদ্ধি করে চলেছেন। অনুষ্ঠানে স্কাউটের জন্য বাজেট বাড়ানোর উদ্যোগের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এইমাত্র আমাকে স্লিপ দেওয়া হলো যে, স্কাউটের জন্য বাজেট বাড়ানোর জন্য ৫ কোটি টাকা দেওয়া হবে।’

দেশের শিক্ষা ব্যবস্থায় খেলাধুলা ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মাদকাসক্তি ও নৈতিকতা বিবর্জিত পরিবেশ থেকে সমাজকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য প্রাথমিক স্তর থেকেই খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, স্কাউট আন্দোলনের পরিধি বাড়াতেও বাজেটের কোনো ঘাটতি রাখা হচ্ছে না। স্কাউটদের প্রতি প্রধানমন্ত্রী সবসময় গভীর আন্তরিকতা পোষণ করেন বলেও তিনি উল্লেখ করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ