ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ আগস্ট): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর সেতু পর্যন্ত ঢাকামুখী লেনে এ যানজট ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া যানজট শনিবার (২৯ আগস্ট) সকালেও অব্যাহত ছিল। এতে মহাসড়কের বিভিন্ন স্থানে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
জানা গেছে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর সেতুতে সংস্কারকাজ চলার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। সেতুর ঢাকামুখী লেনের একটি অংশে বড় গর্ত তৈরি হয়। গর্তটি দিন দিন বড় হয়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার সকাল ১১টার দিকে সড়ক বিভাগ সেখানে সংস্কারকাজ শুরু করে।
সংস্কারকাজের সময় মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অপর লেন দিয়ে উভয় দিকের যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। এতে ওই এলাকায় যানবাহনের চাপ ক্রমেই বাড়তে থাকে। একপর্যায়ে যানজট দীর্ঘ হয়ে কুমিল্লার চান্দিনা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
শনিবার অতিরিক্ত যানবাহন একটি লেন দিয়ে পার হওয়ার চেষ্টা করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দীর্ঘ যানজটে বিদেশগামী অনেক যাত্রীও আটকা পড়েছেন। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
স্টার লাইন পরিবহনের চালক ফরহাদ বলেন, শুক্রবার মধ্যরাত থেকে তিনি যানজটে আটকে রয়েছেন। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সেন্টমার্টিন পরিবহনের চালক আবুল আজাদ বলেন, কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে। তিনি প্রায় আট ঘণ্টা ধরে যানজটে আটকে আছেন।
আকাশ নামে এক বাসযাত্রী বলেন, ঘণ্টার পর ঘণ্টা পার হলেও তারা একই জায়গায় আটকে আছেন। এত দীর্ঘ যানজটের কারণও অনেক সাধারণ যাত্রী জানতে পারছেন না।
দাউদকান্দি মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেম দাস রায় বলেন, দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের প্রধান কারণ আষাড়িয়ারচর সেতু এলাকায় সড়ক সংস্কারকাজ। মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে মহাসড়ক পুলিশ কাজ করছে।
কাঁচপুর মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের একটি লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। এ কারণে এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, যানবাহন চলাচল স্বাভাবিক করা এবং যানজট নিয়ন্ত্রণে মহাসড়ক পুলিশের একাধিক দল নিরবচ্ছিন্নভাবে মাঠে কাজ করছে।
মনোয়ারুল হক/
