জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ আগস্ট): আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পরিচয়পত্র তুলে দেন আইরিন খান। শনিবার ঢাকায় পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরিচয়পত্র পেশের মাধ্যমে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে তার দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন এবং টেকসই উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আইরিন খানের রয়েছে দীর্ঘ আন্তর্জাতিক কর্মঅভিজ্ঞতা। কয়েক দশকের পেশাগত জীবনে তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

২০২০ সাল থেকে মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সুরক্ষা ও প্রসারে জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আইরিন খান। এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন তিনি। সংস্থাটির ইতিহাসে তিনিই প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল’ অর্গানাইজেশনের (আইডিএলও) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন আইরিন খান। তারও আগে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ইউএনএইচসিআর)-এ দীর্ঘ ২১ বছর কাজ করেন তিনি। এ সময় ভারতে চিফ অব মিশন এবং ডিভিশন অব ইন্টারন্যাশনাল প্রটেকশনের উপ-পরিচালকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

মানবাধিকার প্রতিষ্ঠা ও শান্তি প্রচেষ্টায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে আইরিন খান মর্যাদাপূর্ণ সিডনি পিস প্রাইজ অর্জন করেন। তিনি ‘দ্য আনহার্ড ট্রুথ: পভার্টি অ্যান্ড হিউম্যান রাইটস’ বইটির লেখক। ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার ও হার্ভার্ড ল’ স্কুল থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন আইরিন খান।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ