বিশ্বনবী (সা.)-এর আদর্শে রাষ্ট্র পরিচালনাই লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ আগস্ট): মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নীতি, আদর্শ ও সাম্যের দর্শন অনুসরণ করেই রাষ্ট্র পরিচালনা করা সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, মহানবী (সা.)-এর দেখানো সাম্যের পথ ও আদর্শ অনুসরণ করা হলে সমাজ ও রাষ্ট্রে অশান্তি-অস্থিরতা ও বিশৃঙ্খলার কোনো সুযোগ থাকবে না।
বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব স্থানে অপরাধ সংঘটিত হচ্ছে, সেসব ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আধুনিকায়ন ও সদস্যদের মনোবল বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। সরকার দায়িত্ব নেওয়ার পর এমন কোনো ঘটনা ঘটেনি, যেখানে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বাহিনীর সদস্যরা মনোবল ফিরে পেয়ে আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করছেন—এটিই সরকারের বড় অর্জন।
রংপুরে চার খুনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ওই ঘটনায় যৌক্তিক সময়ের মধ্যেই জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। শিশু রামিসার ঘটনাসহ বিভিন্ন অপরাধের ক্ষেত্রেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীকেও ধীরে ধীরে একটি সুসংহত আইনি কাঠামোর আওতায় আনা হচ্ছে। তবে রাতারাতি বড় ধরনের পরিবর্তন সম্ভব নয়। জনগণের প্রত্যাশা পূরণে ধাপে ধাপে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনীতে রূপান্তর করা হবে।
মনোয়ারুল হক/
