জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরকারি অপচয়ের বিরুদ্ধে ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৩ জুন) : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সরকারের সাম্প্রতিক অর্থনৈতিক নীতিমালার বিরুদ্ধে রাজপথে নেমে এসেছেন শত শত শিক্ষার্থী। গতকাল শুক্রবার অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বর্তমান প্রশাসনের ভুল পদক্ষেপ দেশকে চরম দেউলিয়া অবস্থার দিকে ধাবিত করছে।

বিক্ষোভকারীরা দেশটির বর্তমান প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর উদ্দেশ্যে রাষ্ট্রীয় তহবিলের অপচয় রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সাথে প্রেসিডেন্টের অন্যতম আলোচিত ও মেগা প্রকল্প ‘বিনামূল্যে খাদ্য বিতরণ’ কর্মসূচিটি পুরোপুরি বাতিলের জোর দাবি তোলেন তারা। উল্লেখ্য, সম্প্রতি এই খাদ্য বিতরণ প্রকল্পকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে এবং সেই সাথে জড়িয়েছে দুর্নীতির গুরুতর অভিযোগ।

শিক্ষার্থীরা জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধেও প্রতিবাদ জানান। তাদের মতে, এই সিদ্ধান্ত দেশের মধ্যবিত্ত শ্রেণির ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। কয়েক মাস ধরে সরকারের কথিত অব্যবস্থাপনা নিয়ে জনঅসন্তোষ বাড়তে থাকায় এই বিক্ষোভ হয়। দেশটির মুদ্রা রুপিয়ার মানও সম্প্রতি নতুন সর্বনিম্ন স্তরে নেমে গেছে। বিক্ষোভে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাকি পুলিশ সদস্যদের উদ্দেশে চিৎকার করে বলেন, ‘জ্বালানির দাম বাড়ছে, আর আমাদের জীবন আরও কঠিন হয়ে উঠছে। শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে কেন ভয় পাচ্ছেন? বলা হয়, সংবিধান বিক্ষোভের অধিকার নিশ্চিত করেছে। কিন্তু আজ আমরা তা দেখতে পাচ্ছি না।’

বিক্ষোভের ছবি ও ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা জাকার্তার বিখ্যাত হোটেল ইন্দোনেশিয়া মোড়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ ঢাল নিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা যায়, পরে কিছু বিক্ষোভকারী পুলিশি ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ধাক্কাধাক্কি ও লাথি মারার ঘটনাও ঘটে। কিছু বস্তু আকাশে ছুড়ে মারতেও দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভকারীরা ‘মেনুজু ইন্দোনেশিয়া বাংক্রুট’ হ্যাশট্যাগ ব্যবহার করেন, যার অর্থ ‘দেউলিয়া ইন্দোনেশিয়ার পথে’।

গত বছরের আগস্টে সরকারবিরোধী সহিংস বিক্ষোভেরও এক বছরের কম সময়ের মধ্যে এই নতুন আন্দোলন শুরু হলো। সে সময় এক পণ্যবাহী মোটরসাইকেল চালকের মৃত্যুকে কেন্দ্র করে শাসকগোষ্ঠীর আধিপত্য ও রাষ্ট্রীয় অব্যবস্থাপনার অভিযোগে জনরোষ ছড়িয়ে পড়েছিল। সূত্র: বিবিসি

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ