প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে পৌঁছেছেন

চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (১৩ জুন) : সরকারি ও দলীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে একদিনের সংক্ষিপ্ত সফরে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বর্ষার মৌসুমি বায়ুর প্রভাবে সকাল থেকেই জেলাজুড়ে টানা বৃষ্টিপাত চললেও, তা উপেক্ষা করেই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তাঁর এই সফর শুরু হয়েছে।

আজ শনিবার (১৩ জুন) সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে সকাল ৯টা ৫০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কক্সবাজার বিমানবন্দর থেকে অবতরণের পর প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক পাতলীখাল পুনঃখনন কাজের উদ্বোধন এবং সেখানে আয়োজিত একটি পথসভায় অংশ নেবেন।

দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং পার্কটি পরিদর্শন করবেন।

প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুপুর ১টায় পেকুয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। দুপুর ২টায় নবগঠিত মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিকেল সাড়ে ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে রাজনৈতিক জনসভায় যোগ দেবেন। জনসভা শেষে সন্ধ্যায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

এরপর রাত ৮টায় কক্সবাজার শহরের লং বিচ হোটেল মিলনায়তনে সুধী সমাবেশে অংশ নিয়ে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় শেষে রাত ১০টায় বেসরকারি বিমান ইউএস-বাংলা এয়ারলাইন্সে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।

এর আগে, সকাল পৌনে ৯টায় রাজধানীর গুলশান বাসা থেকে সড়ক পথে ঢাকা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় বেসরকারি বিমান ইউএসবাংলা এয়ারলাইন্সে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ