দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৩০ মে) : যার যার অবস্থান থেকে দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সেখানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সড়কে জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটার বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য সংক্ষিপ্ত করেন। তিনি বলেন, “আজকের এই আয়োজনটি রাস্তার ওপর হওয়ার কারণে অনেক যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে সাময়িক অসুবিধা হচ্ছে। জনগণের এই কষ্টের কথা চিন্তা করেই আমরা অনুষ্ঠানটি দ্রুত শেষ করছি।”
পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত সমাজে একে অপরের পাশে দাঁড়ানো। একজন সচেতন নাগরিক হিসেবে আমরা যদি নিজ নিজ জায়গা থেকে পরস্পরকে সাহায্য করি, তবেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব হবে।”
উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশে তিনি বলেন, “আসুন, আমরা আজ এই শপথ নিই। দেশ গঠনে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখছেন, নাগরিক হিসেবে আমাদের উচিত তাদের সর্বাত্মক সহযোগিতা করা।”
জনভোগান্তি এড়াতে দীর্ঘ বক্তব্য থেকে বিরত থেকে প্রধানমন্ত্রী বলেন, “রাস্তায় মানুষের যাতায়াতের সমস্যার কথা চিন্তা করে আজ আর দীর্ঘ আলোচনা করব না। ইনশাআল্লাহ, আগামীতে অন্য কোনো সুবিধাজনক দিনে আমরা দলীয় ও সাংগঠনিক নানা বিষয় নিয়ে বিস্তারিত সভা করব। সেদিন দলের শক্তি বৃদ্ধি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে সবার সঙ্গে বসে আলাপ-আলোচনা করা হবে।”
মনোয়ারুল হক/
