ষড়যন্ত্র পরিহার করে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার আহ্বান রিজভীর
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৯ মে) : দেশ ও সরকারের বিরুদ্ধে চলমান নানামুখী ষড়যন্ত্রের সমালোচনা করে একটি বিশেষ গোষ্ঠীকে সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, পেছন দরজা দিয়ে চক্রান্ত না করে গঠনমূলক উপায়ে সরকারের ভুলত্রুটি সামনে নিয়ে আসা উচিত। বৃহত্তর কোনো ব্লুপ্রিন্ট বা নীল নকশার অংশ হিসেবে ষড়যন্ত্র করা রাষ্ট্র ও দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক হবে বলেও তিনি মন্তব্য করেন।
আজ শুক্রবার (২৯ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রিজভী আরও উল্লেখ করেন, পরাজিত শক্তিগুলো এখনো সক্রিয় এবং তারা নানাভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। তবে সরকার সব ধরনের চক্রান্তের বিষয়ে সতর্ক রয়েছে। যেকোনো অপতৎপরতা চিহ্নিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দিয়ে বিএনপির এই নেতা জানান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামীকাল সকাল ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মরহুম নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত একই ধরনের মানবিক কর্মসূচিতেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।
মনোয়ারুল হক/
