জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সম্পন্ন: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৮ মে) : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস এবং ত্যাগের মহিমায় রাজধানীসহ সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন সকালে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত।
পবিত্র ঈদুল আজহার প্রধান এই জামাতে অংশ নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় এই ঈদগাহ ময়দানে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সর্বস্তরের সাধারণ মানুষের ঢল নামে।
এ ছাড়া প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতা, কূটনৈতিক মিশনের প্রতিনিধিবৃন্দ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সাধারণ মুসল্লিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ, বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের মানুষের কল্যাণ এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
নামাজ ও মোনাজাত শেষে জাতীয় ঈদগাহ ময়দানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কোলাকুলি বিনিময় করেন।
এদিকে ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ময়দান ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ঈদের এই প্রধান জামাত সম্পন্ন হয়েছে।
মনোয়ারুল হক/
