কিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৯ অক্টোবর): কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে দেশের প্রতিটি উপজেলার জন্য বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তাবিত এই কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হবে।
আজ সোমবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানানো হয়।
তবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কমিটির পূর্ণাঙ্গ সদস্য কাঠামো, সুনির্দিষ্ট কর্মপদ্ধতি কিংবা কতদিনের মধ্যে এই কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে—সে বিষয়ে কোনো বিস্তারিত বিবরণ রাখা হয়নি। ধারণা করা হচ্ছে, পরবর্তী সময়ে আলাদা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব বিষয় পরিষ্কার করা হবে।
মূলত স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষা সংশ্লিষ্ট বাহিনীকে এক প্ল্যাটফর্মে এনে যৌথ প্রচেষ্টার মাধ্যমে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড কার্যকরভাবে দমন করতেই এই কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মনোয়ারুল হক/
