বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে আটক
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ অক্টোবর): কাতারে পুলিশের হাতে আটক হয়েছেন দুর্নীতি মামলার অভিযুক্ত ও বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আকতারুল ইসলাম রোববার (১৮ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সাবেক এই বিমান বাহিনী প্রধান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করেছিল দুদক।
প্রথম মামলার বিবরণী অনুযায়ী, বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ নিজের আয়ত্তে এনেছেন শেখ আব্দুল হান্নান। পাশাপাশি, তার মালিকানাধীন ৬টি ব্যাংক হিসাবে সর্বমোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহভাজন লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এ সব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে।
দ্বিতীয় মামলায় তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এছাড়া তার নিয়ন্ত্রণে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন চিহ্নিত করা হয়।
উক্ত মামলায় তাকে প্রধান অভিযুক্ত করার পাশাপাশি এ কাজে সহযোগিতার অভিযোগে শেখ আব্দুল হান্নানকেও আসামি করা হয়েছে।
এই ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা রুজু করা হয়।
উল্লেখ্য, শেখ আবদুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে কমিশন অর্জন করেন। পরবর্তীতে ২০২১ সালের ১২ জুন বিমান বাহিনীর ১৬তম প্রধান হিসেবে কমান্ড গ্রহণ করেন এবং ২০২৪ সালের ১১ জুন অবসরকালীন ছুটিতে যান।
মনোয়ারুল হক/
