নিজ কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ অক্টোবর): ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে মোহাম্মদপুরের এই শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। নিজের সাবেক শিক্ষাঙ্গনে এসে তরুণ প্রজন্মকে দেশ গঠনের কাজে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রধানন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রদান করা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারের একার পক্ষে পুরো দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখা সম্ভব নয়। এজন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে তরুণদের নিজ নিজ বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অন্যদের মধ্যেও সচেতনতা বাড়াতে হবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ২৪-এর আন্দোলন সফল হয়েছিল। এটি কোনো একটি নির্দিষ্ট দলের একক প্রচেষ্টা ছিল না; বরং সবার সম্মিলিত অংশগ্রহণে তা অর্জিত হয়েছিল। তরুণদের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমেই যে বড় পরিবর্তন আনা সম্ভব, তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তবে কেবল আন্দোলন দিয়েই দায়িত্ব শেষ হয়ে যায় না; একটি সুন্দর বাংলাদেশ পুনর্গঠনেও তাদের সমানভাবে এগিয়ে আসতে হবে।

রাজধানীর বায়ুদূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ঢাকার বায়ু দিন দিন ভারী ও দূষিত হয়ে উঠছে, যার ফলে বিশেষ করে শিশুরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছে। এই সংকট মোকাবিলায় তিনি প্রচুর গাছ লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, দেশটিকে সবুজ ও পরিচ্ছন্ন রূপ দিতে সরকার বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে, তবে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।

বক্তব্যের শেষাংশে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তোমরাই তো আগামীর ভবিষ্যৎ। তোমাদের কাছে আমার প্রধান দুটি অনুরোধ—দেশকে সর্বদা পরিচ্ছন্ন রাখবে এবং বেশি বেশি বৃক্ষরোপণ করবে। কারণ এই দেশ তোমাদেরই, এর হেফাজতের দায়িত্বও তোমাদের কাঁধেই বর্তায়।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ