সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ অক্টোবর): এবারের শারদীয় দুর্গাপূজা দেশজুড়ে সর্ব্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বাধিক আর্থিক বরাদ্দ, দীর্ঘতম ছুটি, কঠোর নিরাপত্তা এবং অভূতপূর্ব আনন্দ-উৎসরের মধ্য দিয়ে পালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ সংলগ্ন বনানী পূজা মাঠে ‘গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন’ আয়োজিত শারদীয় দুর্গোৎসবের ‘মহাষষ্ঠী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানে দেশের প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে নিজ নিজ ধর্মচর্চা, উপাসনালয় স্থাপন এবং সব ধরনের বৈষম্যহীনভাবে আচার-অনুষ্ঠান পালনের পূর্ণ অধিকার নিশ্চিত করা হয়েছে।
বক্তব্যের একপর্যায়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দটির বদলে ‘ধর্মীয় সম্প্রীতি’ শব্দগুচ্ছ ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, আমরা কেউই এখানে সম্প্রদায় হিসেবে জন্মাইনি। দেশের প্রচলিত আইন বা সংবিধান কাউকেই কোনো বিশেষ ‘সম্প্রদায়’ হিসেবে সংজ্ঞায়িত করে না। আমরা সবাই এ দেশের সমান নাগরিক অধিকার ভোগকারী স্বাধীন সত্ত্বা। তিনি আরও উল্লেখ করেন, অতীতে সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীকে রাজনৈতিক স্বার্থ হাসিল এবং ‘ভোটব্যাংক’ হিসেবে রাজনৈতিকভাবে ব্যবহারের অপচেষ্টা চালানো হলেও বর্তমান প্রশাসন নাগরিক হিসেবে প্রতিটি মানুষের মৌলিক অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
এবারের বনানী পূজামণ্ডপের মূল ভাবনা ‘জলজ’-এর থিমের ওপর ভিত্তি করে দেশীয় শিল্পকলা, উপাদান ও আবহ দিয়ে ফুটিয়ে তোলা নান্দনিক সাজসজ্জার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশীয় ঐতিহ্যের মোড়কে গড়া এই বর্ণাঢ্য আয়োজন সত্যিই মনোমুগ্ধকর ও প্রশংসার দাবিদার।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীসহ বিভিন্ন দেশের কূটনৈতিক কোরের সদস্য ও আমন্ত্রিত রাষ্ট্রদূতরা।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাফুফে চেয়ারম্যান ও বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, গুলশান সোসাইটির প্রধান ব্যারিস্টার ওমর সাদাত এবং বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলন) প্রমুখ।
গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি অলোক সাহার সভাপতিত্বে ও সদস্য স্বপ্না ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বিনয় গোপাল রায়।
মহাষষ্ঠীর পবিত্র মুহূর্তে দুর্গা দেবীর আগমনী সংগীত পরিবেশন, নৃত্যনাট্য, মঙ্গলপ্রদীপ জ্বালানো এবং শারদীয় বিশেষ স্মরণিকা ‘বোধন’-এর মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানমালার শুভ সূচনা করা হয়।
মনোয়ারুল হক/
