সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৬ সেপ্টেম্বর): সরকারি সফরে সৌদি আরবে গেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সৌদি আরব অবস্থানকালে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, রয়্যাল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে নৌবাহিনী প্রধানের। এসব বৈঠকে উভয় দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নৌবাহিনী পর্যায়ে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
সফরের অংশ হিসেবে তিনি সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও নৌ স্থাপনা ঘুরে দেখবেন। এছাড়া দুই দেশের নৌবাহিনীর মধ্যকার পেশাগত সম্পর্ক উন্নয়ন, উন্নত প্রশিক্ষণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করবেন তিনি। এই উচ্চপর্যায়ের সফর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক ও ভ্রাতৃপ্রতিম সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছে আইএসপিআর।
মনোয়ারুল হক/
